সিলেট সিটি করপোরেশন
নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়
ইভিএমে। প্রতিটি ভোটকক্ষ সিসিটিভি নজরদারিতে রয়েছে।
সিলেট সিটি
করপোরেশনে এবার ভোটগ্রহণ হচ্ছে ১৯০টি
ভোটকেন্দ্রে এক হাজার ৩৬৭টি ভোটকক্ষে। সিসিকে মোট ভোটার ৪
লাখ ৪৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ২৩৬
জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন।
এই সিটিতে মেয়র পদে
আটজন,
৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত
ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা
হলেন— জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, আওয়ামী
লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া
এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের
অভিযোগ এনে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ান ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান।
ভোটের পরিবেশ শান্ত
রাখতে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া পুলিশ, এপিবিএন ও
ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ৪২টি মোবাইল
ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ১৪টি
স্ট্রাইকিং ফোর্স, প্রতি থানায় একটি করে মোট ছয়টি রিজার্ভ
স্ট্রাইকিং ফোর্স, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডের জন্য একটি
করে র্যাবের মোট ২২টি টিম ও পাঁচটি সাধারণ ওয়ার্ডের জন্য
এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা
হয়েছে। এছাড়া বুধবার পর্যন্ত ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বৃহস্পতিবার
পর্যন্ত ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে রয়েছেন।
সরেজমিনে সিলেট
নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে
থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ
ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
৩৯ ওয়ার্ডের
মইয়আরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। এই
কেন্দ্রেও ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
ভোট দিতে আসা আমিনা
বেগম বলেন, যেকোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আবহাওয়া
একটু ভালো দেখে আগে আগেই কেন্দ্রে চলে এসেছি। লাইনে
দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণ লাগে।
সিলেট মেট্রোপলিটন
পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, পরিস্থিতি
অনেক ভালো। ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
সিসিকের রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিয়ম দেখলেই
ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে
রয়েছে।









