নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মনোহরদী-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন নরসিংদী সরকারি কলেজের প্রভাষক ও শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক (৪০), অটোরিকশাচালক শিবপুরের সাতপাড়া গ্রামের শাহিন (৩৫), শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের শিক্ষার্থী ও মনোহরদী উপজেলার চকবগাদী গ্রামের মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের মোস্তফা (৪৮), ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী নয়ন তারা (৫০)। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে পণ্যবাহী একটি ট্রাক দ্রুতগতিতে মনোহরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কলেজগেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পচারবাড়ি এলাকায় ট্রাক ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জন ঘটনাস্থলে নিহত হন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা চাপা পড়া অটোরিকশার ভেতরে থাকা ছয়জনের মরদেহ উদ্ধার করেন।
বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি আফজাল হোসাইন। তিনি বলেন, ‘অন্য একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় দ্রুতগতিতে আসা ট্রাকের নিচে চাপা পড়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকের চালককে।’










