স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে বাগেরহাটে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল সকালে সারা দেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলেও স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতির কারণে বাগেরহাটে দুটি পৌরসভা ছাড়া সব উপজেলায় এ কার্যক্রম বন্ধ রয়েছে।
বেতনবৈষম্য নিরসন, টেকনিক্যাল গ্রেডসহ সাত দফা দাবিতে ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন বাগেরহাট জেলার ১৬৫ জন স্বাস্থ্য সহকারী। গতকাল দুপুরে তারা একই দাবিতে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
স্বাস্থ্য সহকারীরা বলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতনবৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে বেতনবৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারি তত্কালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক আমাদের দাবি মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। সে অনুযায়ী আমরা এখনো কোনো সুবিধা পাইনি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, পূর্বনির্ধারিত সময়ে আমরা বাগেরহাট ও মোংলা পৌরসভায় টিকাদান কার্যক্রম শুরু করেছি। কিন্তু স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে মোড়েলগঞ্জ পৌরসভাসহ জেলার নয়টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা যায়নি।










