সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সফলতার জন্য নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘন্টা পর থেকেই দেশের অনেক স্থানে নির্বাচনে অংশ নেয়া পরাজিত বেশ কয়েকজন প্রার্থীদের সমর্থকদের উপর হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ এসেছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানায়, সহিংসতায় ১ জন নিহতসহ মোট ৪২টি হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত আশঙ্কাজনক। গতকাল (১৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ-৩ আসনে পরাজিত প্রার্থীর একজন সমর্থককে (জসিম উদ্দীন) আক্রমণ করা হয় পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে এটি কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
বিবৃতিতে বলা হয়, নাগরিক কোয়ালিশন নির্বাচন ফলাফল পরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেয়ার ও জড়িতদের আইনের আওয়তায় আনার দাবি জানাচ্ছে।
নাগরিক কোয়ালিশন রাজনৈতিক দলের নেতাদের কাছেও আবেদন করছে যাতে তারা তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এবং এরকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করে।









