সারা দেশে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালন হচ্ছে বাংলা নববর্ষ। আজ রোববার (১৪ এপ্রিল) বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা নববর্ষ উদযাপনের কথা জানিয়েছেন।

ফরিদপুর: একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বাঙালি খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

বরিশাল: নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। চারুকলার উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে শেষ হয় সিটি কলেজ প্রাঙ্গণে। সকালে বরিশাল ব্রজমোহন স্কুল প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বরিশাল। সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এছাড়া ব্রজমোহন স্কুল মাঠে তিনদিনের বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী। এদিকে বিকালে সিটি কলেজ প্রাঙ্গণে চারুকলা ও ব্রজমোহন স্কুলে উদীচী বরিশালের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কক্সবাজার: পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। সকালে শোভাযাত্রাটি শহরের পাবলিক লাইব্রেরি ময়দান থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ঝিনাইদহ: জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখিসহ নানা সাজে সেজে ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জ: জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এতিমখানা, কারাগার ও হাসপাতালগুলোয় বিশেষ খাবার পরিবেশনসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ অহংকারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

নেত্রকোনা: নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাত দিনব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন হচ্ছে। দিবসটি বরণ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী মেলায় এসে শেষ হয়।

পঞ্চগড়: জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পান্তা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগেরহাট: সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গল শোভাযাত্রাটি শালতলা মোড়ের জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।