বান্দরবানে বেড়াতে আসা পর্যটকের ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে অভিযুক্তদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হক। গ্রেফতারকৃতরা হলেন সাইদুল ইসলাম, ওয়াজিব উদ্দিন, নুর মোহাম্মদ ও মো. শুভ।

শনিবার বিকালে পর্যটন কেন্দ্র নীলাচলের অভ্যন্তরে নীলাম্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে নারী-পুরুষ মিলে ১১ জনের একটি পর্যটক দলের ওপর এ হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন চার ব্যক্তির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন।

রাজধানীর শান্তিবাগ এলাকার তানভীর ইসলামের করা মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার তার পরিবারের ১১ সদস্য বান্দরবানে বেড়াতে আসেন। শনিবার বিকালে তারা নীলাচলে বেড়াতে যান। নীলাচলের অভ্যন্তরে অবস্থিত নীলাম্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গেলে আসামিরা নারীদের দেখে ব্যঙ্গাত্মকভাবে হাসে। অন্যরা এর প্রতিবাদ করলে রেস্টুরেন্টের ম্যানেজার-কর্মচারীসহ ১০-১৫ জন মিলে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুই নারী জখম হন। আরো দুই নারীর পোশাক টেনে শ্লীলতাহানি করা হয়।

এছাড়া দলের সবাই কমবেশি জখম হয়েছেন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

অভিযুক্ত চারজনকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান কোর্ট পুলিশের জিআরও মো. কাওছার।