আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে কোনো ধরনের আলোকসজ্জা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জারি করা ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ১৩ ধারাতে বলা হয়েছে, গেট, তোরণ, প্যান্ডেল ও ক্যাম্প স্থাপন এবং আলোকসজ্জা করণের বিষয়ে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে প্রার্থীরা কোনো গেট বা তোরণ নির্মাণ করতে পারবেন না, এবং চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো সামগ্রী স্থাপন বা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না; ৪০০ (চারশত) বর্গফুটের বেশি স্থান নিয়ে কোনো প্যান্ডেল তৈরি করতে পারবেন না; প্রচারণার অংশ হিসাবে কোনো ধরনের আলোকসজ্জা করতে পারবেন না; কোনো সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না; একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে বা প্রতিটি পৌরসভা বা সিটি করপোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প অথবা কোনো নির্বাচনী এলাকায় একটির অধিক কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনোরূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনোরূপ উপঢৌকন প্রদান করতে পারবেন না।
আচরণ বিধির ১৪ ধারাতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে বিলবোর্ডে প্রচারণার অংশের আয়তন অনধিক ১৬ (ষোলো) ফুট × ৯ (নয়) ফুট হতে হবে; কোনো প্রার্থী কোনো নির্বাচনী এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না এবং বিলবোর্ড স্থাপনের মাধ্যমে কোনোক্রমেই জনসাধারণের বা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না এবং পরিবেশের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্নিত করে এমনভাবে বিলবোর্ড স্থাপন করা যাবে না।










