ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজীব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবদুস সোবহান (৩৫)।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, গতকাল সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ জেলার নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সজীব মিয়া নামে একজন মারা যান। সোবহান নামে আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।