পিরোজপুর জেলা হাসপাতালে বেলাল হোসাইন জসিম (৩৮) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৬ মে ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায়’ মাদক ব্যবসায়ীদের হামলায় তিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান। নিহত বেলাল হোসাইন জসিম সদর উপজেলার ভাইজোড়া এলাকার হারুন-অর-রশিদ হাওলাদারের পুত্র।

নিহত জসিমের চাচাতো ভাই হাসিবুর রহমান মিল্লাত জানান, গত ১৬ মে রাতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভাইজোড়া এলাকায় তাকেসহ তার চাচাতো ভাই বেলাল হোসাইন জসিম ও নাসিম হাওলাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করে ভাইজোড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল খান, নাইম খান, সোহেল খান, শুভ খান, কামলা খান, দুলাল ফকির, সাইদুল ফকির, জাহিদুল খানসহ কয়েকজন। পরে স্থানীয়রা ও পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ সময় জসিম ও নাসিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় বেলাল হোসাইন জসিম কিছুটা সুস্থ হলে তাকে পিরোজপুরে বাড়িতে আনা হয়। পরে ২৭ মে বেলাল হোসাইন জসিম আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে বেলাল হোসাইন জসিম মারা যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরে বিস্তারিত যানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।