বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবু হানিফসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে শহরের মদনের মাঠসংলগ্ন পাউবোর ডিভিশনাল অফিসে এ ঘটনা ঘটে। আহত অন্য দুজন হলেন আনসার সদস্য নিত্যানন্দ ও গেট অপারেটর নাইম। এদের মধ্যে আনসার সদস্য নিত্যানন্দকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, ‘কাজের চাপ থাকায় অফিসে বসে কাজ করছিলাম। এ সময় কয়েকজন ছেলে এসে আমাকে তাদের সঙ্গে যেতে বলে। রাজি না হলে মারধর করে জোর করে নিয়ে যায়। ঠেকাতে গেলে অফিসের আনসার নিত্যানন্দ ও গেট অপারেটর নাইমকেও মারধর করে। আমাকে নিয়ে শহর রক্ষাবাঁধের বটতলায় ৫ মিনিট আটকে রেখে মারধর করে। এ সময় তাদের ঠিকাদারি কাজের বিল আটকে রেখেছি কেন তা জানতে চায়। কিন্তু কোন কাজ বা কিসের বিল এটা আমি সঠিক জানি না।’  

বাগেরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে ৮-১০ জন অপরিচিত লোক অফিসে ঢুকে  উপসহকারী প্রকৌশলী আবু হানিফকে মারধর করেছে। এ সময় এক আনসার সদস্য ও গেট অপারেটরকেও মারধর করে তারা। আহত আনসার সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযাগ করা হয়েছে।’    

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, ‘বাগেরহাটের পাউবোর প্রকৌশলীকে মারধর করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’