উত্তরা আজমপুর রেললাইন সংলগ্ন দক্ষিণ আজমপুর জামতলা এলাকায় রাস্তার ওপর অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ ও  ৬টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১০ জুন) দুপুর আড়াইটায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সাংবাদিকদের ডিএনসিসি মেয়র বলেন, দক্ষিণখান ও উত্তরখান এলাকার সরু রাস্তা ও জলাবদ্ধতা প্রধান দুটি সমস্যা। এই এলাকার রাস্তা প্রশস্তকরণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ নির্মাণ প্রকল্প চলছে। কিন্তু রাস্তা প্রশস্তকরণের জন্য মানুষ জায়গা ছাড়ছে না। জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ নির্মাণ করা যাচ্ছে না। অবৈধভাবে ভবন নির্মাণ করে রেখেছে। জলাবদ্ধতা নিরসন এবং রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতে থাকবে।

মেয়র বলেন, রাজউক থেকে যখন অনুমোদন নিয়েছে প্রতিটি রাস্তা ২০ ফুট প্রশস্ত দেখানো হয়েছে। কিন্তু ভবন নির্মাণের সময় বেশিরভাগই রাস্তা দখল করে নির্মাণ করেছে। রাজউকের সঙ্গে সমন্বয় করে এগুলো চিহ্নিত করা হচ্ছে।

দখলদারদের হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, আমি গত সপ্তাহে ৩দিন এই এলাকা পরিদর্শন করেছি। ঘোষণা দিয়েছিলাম অবৈধ দখল সরিয়ে নিন, ৯ জুনের পরে উচ্ছেদ অভিযান করব। এর আগে স্থানীয় সংসদ সদস্য এবং কাউন্সিলররা বার বার রাস্তার অবৈধভাবে গড়ে তোলা অংশ ভেঙে নেয়ার জন্য আহবান জানিয়েছেন। কিন্তু তারা এগুলো সরিয়ে নেন না। আমি অবৈধ দখলদারদের আর কোনো নোটিশ দেব না। নিজ দায়িত্বে না সরালে আমাদের ম্যাজিস্ট্রেটরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেবে।

উচ্ছেদ অভিযানকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।