ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। আজ ২৯ এপ্রিল থেকে ০৭ মে পর্যন্ত সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বিষয়টি গত ২৭ এপ্রিল সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতি এবং ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে। ছুটি শেষে আগামী ০৮ মে থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।