দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) ও তাদের আট বছর বয়সী পুত্র মারুফ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সংবাদমাধ্যমকে জানান, সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের সবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের দেয়া তথ্য মতে, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাটি সকালে ঘটলেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। দুপুরে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে ঘরের ভেতরে দৈনন্দিন প্রয়োজনীয় কাজে দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাতে গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ফলে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’