দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলেও জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের উদ্যোগে পর্যাপ্ত ভ্যাকসিন আনা হয়েছে। এরই মধ্যে রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেয়া হয়েছে।’

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাতদিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি চক্র রোগীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়।৷এ দালাল চক্রকে ধরার জন্য ডিজিএফআই, র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে বহু হাসপাতালে তারা অভিযান পরিচালনা করেছে৷। এসব অভিযানের ফলে আগের চেয়ে দালাল চক্রের উৎপাত কমেছে।’

ডাক্তারদের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক মাসে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছি। চিকিৎসকদের আচরণ ও হাসপাতালের খাবারের মান আগের তুলনায় উন্নত হয়েছে।’ ওসমানী হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানের (ওসমানী হাসপাতাল) কী অবস্থা, আমি জানি না। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তা ছয় মাসের মধ্যে সমাধান করা হবে।’

এর আগে গতকাল সকালে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা।