ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন স্পেনের কার্লোস আলকারাজ ও গ্রিসের স্তেফানো সিৎসিপাস। গতকাল শেষ ষোলোর ম্যাচে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন ২১ বছর বয়সী আলকারাজ। আরেক ম্যাচে ইতালির ম্যাত্তেও আরনালদি ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সিৎসিপাস। এবার শেষ আটে মুখোমুখি হবেন দুই তারকা।

ইউএস ওপেন ও উইম্বলডন জয়ী আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে প্রথম ও সব মিলিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লামের লক্ষ্যে খেলছেন। অন্যদিকে সিৎসিপাস এখনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। কিছুদিন হলো পাঁজরের চোটে ভুগছেন আলকারাজ। অস্বস্তি নিয়েও ছুটছেন তিনি। গত বছর রোলাঁ গারোয় সেমিফাইনাল খেলা আলকারাজ গতকাল জয় শেষে বলেন, ‘আমি খুব ছন্দ নিয়ে এখানে খেলতে আসিনি, তবে নিজের ওপর আমার আস্থা আছে। প্রতিটি অনুশীলন সেশন ও ম্যাচ শেষে আমি উন্নতি করছি।’ 

এদিকে নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই খেলোয়াড় ইগা সিয়ানতেক ৬-০, ৬-০ গেমে আনাস্তাসিয়া পোতাপোভাকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছেন। পোলিশ সুপারস্টার মাত্র ৪০ মিনিটের জয়ে বুঝিয়ে দিয়েছেন, টুর্নামেন্টে শিরোপার বড় দাবিদার কেন তিনি। তার ৪৮ পয়েন্টের বিপরীতে পোতাপোভা পেয়েছেন ১০ পয়েন্ট। এমনকি কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়নি পোলিশকে। এটা ইগার ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম জয় এবং রোলাঁ গারোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম জয়।