জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
চ্যানেল আই প্রেস উইংয়ের পক্ষ থেকে ইমরান পরশ এক বার্তায় জানিয়েছেন, সকালে এই অভিনেতার জানাজায় চলচ্চিত্র, নাটক এবং সাহিত্যাঙ্গনের বহু গুণগ্রাহী উপস্থিত হন। এ সময় ছিলেন অভিনেতা আফজাল হোসেন, আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, কুসুম শিকদার, আনজীর লিটনসহ স্বনন-এর কর্মীরা।
জানা যায়, শামস সুমনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা ফিরলেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগ পর্যন্ত এ অভিনেতার মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কথা বলেন শামস সুমনের ভাই ও শামস সুমনের স্ত্রীর ভাই। তারা শামস সুমনের জন্য দোয়া চান।
গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামস সুমন। এদিন সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন।










