চট্টগ্রামের
বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের
মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী
নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাতে বাঁশখালী উপজেলার গণ্ডামারায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির উদ্দেশে আসা দুজনকে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। তাদের গুরুতর আহত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা
হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরোয়ার আলম (৫০) ও
রাশেদ জোয়ারদার (২২)। সরোয়ার
আলমের বাড়ি ফরিদপুর জেলার
নগরকান্দা উপজেলায়। রাশেদ জোয়ারদারের
বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।










