ঢাকার কেরানীগঞ্জের আরশি নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, নিহত ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করত, দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর একটি সেলুনের সামনে দাঁড়ানো ছিল। এ সময় কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি করে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জে আরশিনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন বলেও নিহতের বন্ধু জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।