চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়িটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ। পরে আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।










