গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া মাগুরায় তিনজন ও মেহেরপুরে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
গাজীপুর: টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকায় গাড়িচাপায় হালিমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পোশাক শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। নিহত হালিমা আক্তার কুড়িগ্রামের নাগেশ্বরী থানার কাচারি পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী পোশাক শ্রমিক সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। এ সময় বিআরটির মাঝের লেনে একটি গাড়ি হালিমা আক্তারকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়লে আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গাড়িটিকে শনাক্ত করার কাজ চলছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে শুক্রবার রাত ২টার দিকে শ্রীপুরে সড়ক পার হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারী পিকআপচাপায় নিহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নূর ইসলামের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ফাতেমা বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন জানান, গতকাল সকাল ৭টার দিকে উপজেলার টান সূত্রাপুরে জিএমএস গার্মেন্টে কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মাগুরা: জেলার শালিখায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন মধু শিকদার (৫৫), নিরূপা রানী দে (৪০) ও পুষ্প রানী দে (৫০)। আহতদের মধ্যে চারজনকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ওসি নাসির উদ্দিন জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর হাইওয়ে সড়কের ছয়ঘরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। অন্য একজন মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত তিনজনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। তারা মাগুরার শ্রীপুর থেকে নামজজ্ঞ অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফিরছিলেন।
মেহেরপুর: গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামে গম কাটা ও মাড়াইয়ের হারভেস্টিং মেশিনের ধাক্কায় বজলুর রহমান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান দুর্লভপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বজলুর রহমানের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটছিলেন এক চালক। চলন্ত মেশিনটি পেছনে ঘোরাতে গেলে মেশিনের ধাক্কায় বজলুর রহমান গুরুতর আহত হন। এ সময় মাঠের অন্যান্য কৃষক তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা যান তিনি।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









