রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আশা করছি, দুই-এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ সময় লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা শক্তি বাড়িয়েছি। এ কারণে আগুনের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে আমাদের ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বস্তির পূর্ব এবং উত্তর দিকের আগুন কমে এলে আমরা দেখবো আসলে আগুনের সোর্সগুলো কোথায়। সেটা নির্বাপণ হলে আমরা বলতে পারব আগুন নিয়ন্ত্রণে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগার কারণ নিয়ে তিনি বলেন, এখানে অনেক সীমাবদ্ধতা। আমাদের গাড়ি ঠিকমতো আসতে পারছে না। বিশাল এলাকায় লাইন জোড়া দিয়ে দিয়ে আগুনের কাছে পৌঁছতে হচ্ছে। প্রচুর মানুষ ভিড় করছেন। তাদের জন্যও কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি, দুই-এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

এর আগে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে প্রথম ধাপে ৭টি ইউনিট পাঠানো হয়। কিন্তু সড়কে যানজটের কারণে ইউনিটগুলো সময় মতো পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেখানে পৌঁছায়। দ্বিতীয় ধাপে পাঠানো হয় আরো ৪টি ইউনিট। এগুলো পৌঁছায় ৬টা ২৫ মিনিটে। তৃতীয় ধাপে আরো ৫টি ইউনিট পাঠানো হয়।