মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাকের
ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে
একজন অনার্স ৪র্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। সে সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন
আলীর ছেলে। নিহত অপরজনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায়
ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ। সে মাগুরা জেলার শালীকা গ্রামের কাশেম
আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক
বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন।
এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি একটি তেলপাম্পের আগে
নিয়ন্ত্রণ হারিয়ে ঐ দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই দুজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাক চালক বাবুলকে
আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের
মর্গে প্রেরণ করেন। লাশের ময়নাতদন্ত শেষে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে
পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকের ঐ চালক দুর্ঘটনার
আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার কারণেই এ দুর্ঘটনা। এর আগেও একই সড়কে সিমেন্ট বোঝাই
ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে
সকালের মধ্যে। দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ চালকের ঘুমিয়ে যাওয়াকে বলে অভিযোগ করেন তারা।
কারণ একজন চালক টানা ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে তারা
জানান। বিষয়টিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তা না হলে এ দুর্ঘটনা আরো বাড়বে
বলে দাবি তাদের।










