দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের হাওয়া। রাতের তাপমাত্রা কমছে, ভোরে কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরো সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৭ নভেম্বর) পূর্বাভাসে অধিদপ্তর এ তথ্য জানায়।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।










