সাম্প্রতিক বন্যায় সিরাজগঞ্জের কাশিনাথপুর-শক্তিপুর সড়কের ৩০ মিটার ভেঙে গেছে। পানির চাপে ৩ জুলাই রাতে সড়কটির চিথুলিয়া অংশ ভেঙে গেলেও সংস্কার করা হয়নি। এর পর থেকে ওই সড়ক দিয়ে চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে আশপাশের নয়টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। দুধ ও ধানসহ কৃষিপণ্য সরবরাহ করতে পারছেন না খামারি ও কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনাসহ অভ্যন্তরীণ সব নদ-নদীর পানি বাড়ায় শাহজাদপুরের রাউতারা স্লুইস গেট দিয়ে কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া প্লাবিত হয়। এ সময় বন্যার পানির স্রোতে কাশিনাথপুর-শক্তিপুর সড়কের চিথুলিয়া অংশ ভেঙে যায়। এতে বনগ্রাম, কাশিনাথপুর, চিথুলিয়া, কায়েম কোলা, বাঙ্গালপাড়া, সায়েস্তাবাদ, সরাতৈল, বৃ-আঙ্গারু ও চর আঙ্গারু গ্রামের অন্তত ২৫ হাজারেরও বেশি মানুষের যাতায়াতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান বলেন, ‘সড়কটির চিথুলিয়া অংশ ভেঙে গেছে। ২০ দিন পার হয়ে গেলেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এ সড়ক দিয়ে চাল, ডাল, ধানসহ প্রয়োজনীয় নিত্যপণ্য পরিবহন করতে হয়। বিশেষ করে এসব গ্রাম থেকে প্রতিদিন উৎপাদিত প্রায় ৬০০ মণ দুধ মিল্কভিটাসহ বিভিন্ন কারখানায় সরবরাহ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে খামারিদের।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়ক ভেঙে যাওয়ার পর ক্ষতির পরিমাণ নির্ণয় করে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।