ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারাগারে দায়িত্বরত জেলার মহিউদ্দিন হায়দার।

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, মৃত ব্যক্তি ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে মিলন লস্কর।

জেলার আরো জানান, কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬ টা ৪০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিলন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়ে কারা কর্তৃপক্ষ।