আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ড পরামর্শক কমিটির ৪৪তম সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভাটি শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে কয়েকটি বিষয়ের ওপর বিশেষ নজর দেয়ার দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। সেগুলো হলো কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ, দেশীয় শিল্প ও সেবা এবং সিএমএসএমইকে শুল্ক করের যৌক্তিক প্রতিরক্ষণ প্রদান; ক্ষেত্র বিশেষে অব্যাহতি বা বন্ড সুবিধা দিয়ে প্রতিযোগিতামূলক ভিত্তিতে রফতানি বৈচিত্র্যকরণের প্রয়াস অব্যাহত রাখা; ভোগ্য পণ্যসহ নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখা; করনীতি, কর পদ্ধতি ও ব্যবস্থাপনা আধুনিকায়ন, অটোমেশন ও ইন্টিগ্রেশনের মাধ্যমে নেট বা কর জাল সম্প্রসারণ করা; স্বেচ্ছায় কর প্রতিপালন হার বৃদ্ধিপূর্বক রাজস্ব আদায় তথা কর জিডিপির অনুপাত বৃদ্ধি করা; আয় ও কর্মসংস্থান বৃদ্ধি ও যথাযথ করনীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা; সমন্বিত শুল্ক-কর এবং মুদ্রা ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।