মিথ্যাচারের পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এজন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে জড়িতদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান মন্ত্রী।’

গতকাল সিলেটের আম্বরখানায় ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও প্রিমিয়াম সুপারস্টোর ইউনিমার্টের আউটলেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি সম্পর্কে আমেরিকা বলেছে, তিনি তাদের কেউ নন। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, আমাদের দেশের আইনেও তার বিচার হবে।’

এর আগে ড. এ কে আব্দুল মোমেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামানকে সঙ্গে নিয়ে আউটলেট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও প্রিমিয়াম সুপারস্টোর ইউনিমার্ট সম্প্রতি সিলেটের আম্বরখানা পয়েন্টে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। এটি ঢাকার বাইরে তাদের প্রথম আউটলেট। এ আউটলেটে ইউনিমার্ট, শেফস টেবিল, ক্রিস্প, ইনডালজ ও ফার্মেসি চেইন ওয়েলবিয়িংসহ গ্রুপের সব ব্র্যান্ড এক ছাদের নিচে থাকবে।