দেশের উত্তর-পূর্বাঞ্চলে সর্বশেষ ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে হাওর অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে কয়েকটি স্থানে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের তিন জেলার পাঁচটি নদীর ছয়টি স্টেশন বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলায় নলজুর নদীর পানি ১৮ সেন্টিমিটার বেড়ে জগন্নাথপুর পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা জেলায় ভুগাই-কংস নদীর পানি ১৬ সেন্টিমিটার কমলেও জারিয়াজঞ্জাইল পয়েন্টে এখনো বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর রয়েছে। একই জেলায় সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে ১০ সেন্টিমিটার কমে ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মগরা নদীর পানি নেত্রকোনা পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে ৭৪ এবং আটপাড়া পয়েন্টে ১ সেন্টিমিটার কমে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ জেলায় সুতাং নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুতাং রেল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সুনামগঞ্জের হাওর এলাকায় নদীর পানি অত্যন্ত ধীরগতিতে বাড়ছে। ঘণ্টায় গড়ে ১-২ সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার এবং হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অপরদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চেরাপুঞ্জিতে ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা উজানের প্রবাহ বাড়িয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিস্তর বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।