চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। কেরুর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরিফুর রহমান অপু। এ সময় ৬১ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৫৩ মাড়াই দিবসে ৩ হাজার ৮১০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চিনিখাতকে লাভজনক করতে আগামী ৫ বছরের জন্য কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ভালো মানের আখ উৎপাদনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। 

সংকট কাটাতে আখের মূল্য বাড়ানোর জন্য চাষীদের পক্ষে প্রস্তাব রাখার কথাও জানান চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি বলেন, দ্রুত এ প্রস্তাব কার্যকর করা হবে। আগামী মৌসুমে চিনিকলে উৎপাদন লাভজনক অবস্থায় নেয়া সম্ভব না হলেও বড় ধরনের লোকসান কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে আখ চাষে কৃষকদের আগ্রহী করে তোলা হচ্ছে। 

চিনিকল কর্তৃপক্ষের তথ্যমতে, এবার ৪ হাজার ২৩০ একর জমিতে আখ ফলেছে। এর মধ্যে চিনিকলের নিজস্ব জমি ১ হাজার ৫০ একর। এ সব আখ মাড়াইয়ের জন্য প্রস্তুত। 

আধুনিক পদ্ধতিতে চাষ ও সঠিক পরিচর্যাসহ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতার ফলে এবার আখের ফলন ভালো হয়েছে। তাই আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছে চিনিকল কর্তৃপক্ষ।

২০২২-২৩ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ শুরু হয় গত ১ সেপ্টেম্বর। এ বছর ৭ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

গতবারের তুলনায় এবার বাড়ানো হয়েছে আখের দামও। মিলগেটে ১৪০ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা। এছাড়া আখ ক্রয়কেন্দ্রগুলোতে ১৩৬ টাকা থেকে বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা।