অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলেছেন, ‘আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা স্বাধীন বিচার-বুদ্ধি নিয়ে চলবেন। আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আপনারা কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আমরা সরকারে আসার পর মনে হয়েছে যে যথেষ্ট হয়েছে। আপনারা এই বাংলাদেশের সবার মতো করে নিজের ফিল করবেন, এটা আপনাদের-আমাদের সবার দেশ। নিজেকে কখনো বিপন্ন বা অসহায় বোধ করবেন না। কেউ নিজেকে সংখ্যালঘু ভাববেন না। আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমর্থনে যতটুকু করার আমরা আন্তরিকতার সঙ্গে করব।’

গতকাল বিকালে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতা যে আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়েছেন, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। তার মধ্যে অন্যতম হলো, আমরা এই দেশের সব ধর্মের সব মতের মানুষ একসঙ্গে বসবাস করব। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা সংখ্যালঘু না। কারণ আপনারা সবাই বাংলাদেশের মালিক। আপনাদের সমান অধিকার সমান মর্যাদা।’

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় হিন্দু, মুসলমান বা খ্রিস্টান হিসেবে পৃথক করা হয় নাই। আমরা সবাই আন্দোলনে অংশ নিয়েছি, বিপন্ন বোধ করেছি, জীবন হারিয়েছি, আহত হয়েছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুক হোসেন।