দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় পাবনা, বরিশাল, ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পাবনা: জেলার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। মাধপুর হাইওয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। গতকাল দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাটগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু সাহা (৬৫) সাঁথিয়া পৌরসভার মৃত জ্যোতিন্দ্রনাথ সাহার ছেলে।
মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি জয়নাল আবেদীন সরদার জানান, মরদেহ মাধপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
বরিশাল: জেলার মেহেন্দিগঞ্জে নসিমনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার স্টিমারঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাসান হাওলাদার (৩৫) উপজেলার চর মিঠুয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, উপজেলার পাতারহাট বন্দরের হাটের দিন ছিল। বাজার করতে লঞ্চঘাটে আসেন মো. হাসান হাওলাদার। সেখান থেকে অটোরিকশা করে বাজারের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় লঞ্চঘাটগামী একটি নছিমন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে হাসান ও অটোরিকশার চালকসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহ: জেলার শৈলকূপায় ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সুমাইয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পৌরসভা এলাকার সাতগাছি পশ্চিমপাড়া গ্রামের জুয়েল মোল্লার মেয়ে।










