অব্যহত পানি বৃদ্ধির কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে একটি পাকা সড়ক বিলীন হতে চলেছে। যে কোন সময় প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র এ সড়কটি ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। গত শনিবার নদে বিলীন হয়ে গেছে সড়কটির ৫০ মিটার এলাকা। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামও নদের গর্ভে চলে গেছে। চোখের পলকে সড়কটি ভাঙলেও এলাকার লোকজনের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্রের কোলঘেঁষা গ্রামটির ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলইজিডি) একটি সড়ক রয়েছে। পাকা এই সড়কটি নদের ভাঙনের মুখে থাকায় নিমিষেই তা বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে পুরো এলাকা। এই সড়কের ৫০ এর বেশী মিটার পাকা সড়ক শনিবার নদে বিলীন হয়। সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ২০ হাজার মানুষের দুর্বিসহ জীবন শুরু হবে। 

গত কিছুদিন ধরে ব্রহ্মপুত্র নদের অব্যহত পানি বৃদ্ধি ও টানা বর্ষণের কারণে উত্তাল হয়ে ওঠে ব্রহ্মপুত্র। দেখা দেয় নদী ভাঙন। নদী ভাঙনের কারণে নানামুখী সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরমধ্যে আবার সড়কে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়রা দুচিন্তায় আছেন। সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। সড়কটির ভাঙন রোধ ও বাকি সড়কটি ভাঙা থেকে রক্ষা ও দ্রুততম সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।