পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে দুই হাজার ১৩০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল দুই হাজার ৬৮ কোটি ৬৮ টাকা। এ হিসেবে এ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়েছে ৫২ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা এবং টেকসই উন্নয়ণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সবসমসয় সচেষ্ট। ২০১১ সালে বাংলাদেশের সংবিধানে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিবেচনায় এ সংকন্ত্রান্ত ১৮(ক) অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়েছে। এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন আইন প্রণয়নসহ রেগুলেটরি এবং ফিসক্যাল পলিসি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৯ সালে মহান জাতীয় সংসদে আমরা প্ল্যানেটারি ইমার্জেন্সি নামে একটি মোশন গ্রহণ করেছি। এসব কাজের স্বীকৃতি স্বরূপ গত বছরের ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড এ ভূষিত করেছে।

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি।