ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। আজ ব্যাংকটির পর্ষদের বৈঠক থেকে এমডিকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটিতে থাকার নির্দেশনা দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো জানা গেছে, ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হুসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক সূত্রের তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়ে পর্ষদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এ কারণে হঠাৎ করেই পর্ষদের পক্ষ থেকে এমডিকে ছুটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক খাঁন কোন মন্তব্য করতে চাননি। তবে তিনি বণিক বার্তাকে বলেছেন, পারিবারিক প্রয়োজনে ২৮ এপ্রিল বিদেশ যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিলাম। সে ছুটি অনুমোদিত ছিল। কিন্তু হঠাৎ করে ছুটি এগিয়ে আগামীকাল থেকে ছুটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

২০২৪ সালের গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনায়ও বেশ কিছু পরিবর্তন আনা হয়। গত বছরের ৩ আগস্ট ওমর ফারুক খাঁন তিন বছরের জন্য এমডি হিসাবে নিয়োগ পান। কিন্তু এক বছর যাওয়ার আগেই তাকে ছুটিকে পাঠানো হলো।