পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে গতকাল সারা দেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
সিলেট: জেলা প্রশাসনের উদ্যোগে সকালেই বের করা হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। শোভাযাত্রাটি সিলেট সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারদা হলে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বরিশাল: উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখের গান ‘এসো হে বৈশাখ, এসো এসো’ পরিবেশিত হয়। পরে একে একে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
রংপুর: সকাল ৭টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বর্ষবরণের আয়োজন শুরু করে সাংস্কৃতিক ঐক্য পরিষদ। শুদ্ধ সংগীত চর্চা কেন্দ্র, রবীন্দ্র সংগীত সম্মিলন, নজরুল চর্চা কেন্দ্রসহ ৩৬টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিবেশনা করে। এছাড়া বৈশাখ বরণে আয়োজন করা হয়েছে লোকজ মেলার।
বাগেরহাট: জেলা স্টেডিয়ামে ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
নওগাঁ: সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিএম মাঠ থেকে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
পটুয়াখালী: সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সকাল সাড়ে ৮টায় জেলা পরিষদ শিশু পার্কে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
মেহেরপুর: সকাল ৮টার দিকে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
ঝালকাঠি: সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।










