পবিত্র ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা হুমকি দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
রোববার (১৬ মার্চ) পবিত্র ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র সচিব জানান, রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি প্রায় একই সময়ে পড়েছে। বৈঠকে এ সময় ঘিরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, শ্রমিক অসন্তোষ প্রশমিত করার ব্যাপারেও আলাপ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেন শ্রমিকদের বেতন পরিশোধ করা হয় সে ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে আলোচনা হয়েছিল। আজ অংশীজনদের নিয়ে বেতন পরিশোধ নিশ্চিতের ব্যাপারে কথা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি যেন না হয় সে বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ২৬ মার্চ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এ বছর ২৬ মার্চের কুচকাওয়াজ হবে না বলেও তিনি জানান।
ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। পুলিশ শক্ত হয়েছে। আমরা কোনো হুমকি দেখছি না। ঝুঁকি সব সময়ই থাকে। কিন্তু আমরা কোনো হুমকি দেখছি না।










