গোপালগঞ্জে মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও হরিদাশপুর গ্রামের সঙ্গে মৌলভীপাড়া এলাকার লোকজনের সংঘর্ষ হয়।
এ ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় ডিএসবির এএসআই মনিরুল ইসলামকে মৌলভীপাড়া সেতুর ওপরে একা পেয়ে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।









