হু হু করে বাড়ছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দের পরিমাপক ইদ্রিস আলী জানান, গত এক সপ্তাহ ধরেই পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। শনিবার (১৩ জুলাই) সকাল ৬টার সময় নেয়া মাপে দেখা যায়, পানি ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদীর দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে যেতে ফেরিগুলোর স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবোগ্রাম, সদর উপজেলার বরাট মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া ও পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে বলে জানা গেছে।