সড়ক দুর্ঘটনায় চার জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও রাজবাড়ীতে চারজন এবং রাজধানীর যাত্রাবাড়ী ও জামালপুরে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
চট্টগ্রাম: জেলার বাঁশখালীতে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বেলা আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার হুয়ানক গ্রামের নুরুল ইসলামের ছেলে ওয়াসিম রহমান (২২) এবং কালারমারছড়ার উত্তর নরবিনা ভাঙার মুখ বড়ুয়াপাড়ার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)। আহতরা হলেন নিহত রশ্মি বড়ুয়ার মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), মহেশখালীর হুয়ানক গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম কুদ্দুস (৬৮), সিএনজি অটোরিকশাচালক জাবের (১৯)। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুপুরে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় গ্যাস বোঝাই একটি লরি। এতে ঘটনাস্থালেই প্রাণ হারান দুজন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছেন। তাদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী: জেলার পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নয়ন মোড়ে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাইফুল ইসলাম রিপন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের তিন যাত্রী। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর রশিদ জানান, রিপন মোটরসাইকেল চালিয়ে বাবুপাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে নয়ন মোড়ে সামনে থাকা ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে নিজ বাড়ির সামনে মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে ইলিশ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে যাত্রাবাড়ীর গোমতী পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সম্রাট জানান, ইলিশ পরিবহনের দুটি বাসের মাঝখানে পড়ে যান ওই যুবক। পরে একটি বাসের ধাক্কায় নিচে পড়ে গেলে অন্য বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর: জেলার মেলান্দহে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় কোরবান আলী (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে উপজেলার খানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি।










