রংপুর অঞ্চলের দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য কমাতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিশেষ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন এনবিআরের করনীতি সদস্য একে এম বদিউল আলম ও ভ্যাটনীতি সদস্য ড. মো. আবদুর রউফ।

আলোচনা সভায় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রংপুর অঞ্চলের উন্নয়নের স্বার্থে আমদানি শুল্ক, ভ্যাট, আয়করসহ বিভিন্ন কর সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। তারা এসব দাবি বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, রংপুর অঞ্চল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। এখানে জন্মেছেন নূরলদীন, বেগম রোকেয়া ও শহীদ আবু সাঈদের মতো বীরেরা। এ অঞ্চলকে কোনোভাবেই বৈষম্যের শিকার হতে দেয়া হবে না। দেশের সব অঞ্চলকে সমানভাবে এগিয়ে নিতে আমরা কাজ করছি।

তিনি বলেন, চলতি বছরে অনলাইনে ১৪.৫ লাখ কর রিটার্ন জমা পড়েছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। করদাতাদের সংখ্যা বাড়াতে ও কর পরিশোধের প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে। পাশাপাশি ব্যবসায়ীদের সারচার্জ ও ভ্যাট রিটার্ন প্রক্রিয়া সহজীকরণ এবং ল্যান্ড রেজিস্ট্রেশন পদ্ধতি আরো সহজ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন, গাইবান্ধা চেম্বারের পরিচালক আব্দুল লতীফ হক্কানী, লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি মো. আব্দুল আজিজ মিয়া, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁন্দ, ব্যবসায়ী কাওসার জামান বাবলা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহযোগী অধ্যাপক ওমর ফারুক, রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।