গতকাল বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পৌঁছার পর তাকে দ্রুত ওই হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, প্রায় সাড়ে ৩ ঘণ্টার বিমানযাত্রার পর মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেন। বিমানবন্দর থেকে তাকে সরাসরি হাসপাতাল পাঠানো হয়।

তিনি আরো বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরোলজি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘ যাত্রার পরও তার কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।’

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৭৫ বছর বয়সী মির্জা আব্বাস ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। ১৩ মার্চ ওই হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে ৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সেখানকার আইসিইউতে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেয়া হলো।