রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি ভোট কেন্দ্রের পাশের বাগান থেকে রঞ্জিত কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ওই কেন্দ্রের পাহারায় ছিলেন।

রঞ্জিত বালিয়াকান্দির চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে রাজবাড়ী জেলা পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চর আড়কান্দি গ্রামের রঞ্জিত কুমার দে ও আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন কেন্দ্রটি পাহারার দায়িত্বে ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টয়লেটের উদ্দেশে বের হন রঞ্জিত। এরপর তিনি আর ফেরেননি।

নাইটগার্ড বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে রাতেই রঞ্জিতের খোঁজ শুরু হয়। এরপর সকালে বিদ্যালয়ের পাশে টয়লেটের পেছনে বাগানের মধ্যে মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে রঞ্জিতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এর রহস্য উম্মোচন ও অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।