গতকাল জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চিফ স্টাফ অফিসার। তাছাড়া জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআরের) গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানের সময় সফরকারী জাহাজ দুটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড ও চেয়ারম্যান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রুশ নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সঙ্গে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রুশ জাহাজ দুটি পরিদর্শন করার কথা রয়েছে।
এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সফর শেষে রুশ নৌবাহিনীর জাহাজ দুটি ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। এর আগেও রাশিয়ার নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।










