শ্রীলংকা স্বল্প মেয়াদি ঋণের ফাঁদে পড়েছিল, বাংলাদেশেও এমন ঋণ বাড়ছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অর্থনীবিদ প্রফেসর রেহমান সোবহান। তিনি বলেন, দেশের মেগা অবকাঠামো প্রকল্পগুলো বিদেশী ঋণে করা হচ্ছে। এসব প্রকল্পে প্রয়োজনের চেয়ে ২০ থেকে ৫০ শতাংশ বেশি ব্যয় হচ্ছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

সেমিনারে সিপিডির প্রতিষ্ঠাতা রেহমান সোবহান বলেন, শ্রীলংকা স্বল্পকালীন ঋণের ফাঁদে পড়েছিল। রফতানি কমে আসায় এসব ঋণ যথাযথভাবে পরিশোধ করতে পারেনি দেশটি। আফ্রিকার কিছু দেশেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ তেমন অবস্থানে নেই। কিন্তু দেশে স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ বাড়ছে। তাই রফতানি বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে।