দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে শেষ করতে আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, 'অনালোচিত বিষয় আজকে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। এরই মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে।'

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, 'আমরা বিশ্বাস করি, আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অনুঘটকের কাজ করবে। পরবর্তীতে প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে বাস্তবায়নের বিষয়টি এগিয়ে নেয়া হবে।'

উল্লেখ্য, সুপারিশভিত্তিক আলোচনার আজকেই শেষ দিন। সাতটি বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া বাকি।