রাজধানীর শনির আখড়ায় পুলিশের রাবার বুলেটের আঘাতে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হাসপাতালে আহত শিশুটির মা লিপি আক্তার জানান, তাদের বাসা শনির আখড়া এলাকায়। তারা পাঁচতলা একটি বাড়ির নিচতলায় থাকেন। বাসার সামনের রাস্তায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। শিশুটি গরমের কারণে কান্নাকাটি করতে থাকায় তার বাবা রহিতকে কোলে নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার পরিস্থিতি দেখছিলেন। তখন রাবার বুলেট এসে শিশুটির বাবার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এছাড়া কোলে থাকা শিশু রহিতের ডান হাত এবং বুকে লাগে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
গুলিতে আহত শিক্ষার্থী মাহিম আহমেদ পিয়াস (১৭) জানান, সে দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। বিকালে কোচিং শেষ করে বাসায় ফিরছিলেন। তখন শনির আখড়ায় সংঘর্ষের মাঝে পড়ে গেলে শটগানের গুলিতে সে আহত হয়। আহত বাকি তিনজন হলেন মনিরুল ইসলাম (২০), ফয়সাল (৩০) ও সোহাগ (২৫)। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনির আখড়া থেকে আসা আহত ছয়জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শনির আখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়েছে ।










