বাগেরহাটের শরণখোলায় খাল থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাবেকা খাল থেকে ছানাটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে কুমিরের ছানাটি আটকা পড়ে। পরে তিনি খবর দিলে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরের ছানাটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহায়তায় কুমিরের ছানাটিকে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

আলম হাওলাদার আরো জানান, উদ্ধার করা কুমিরের ছানাটি প্রায় দুই ফিট লম্বা ও ধারণা করা হচ্ছে এর বয়স দুই মাস। সম্ভবত জোয়ারের পানির স্রোতে ভেসে ছানাটি লোকালয়ের খালে ঢুকে পড়েছিল।

তিনি বলেন, এর আগে সুন্দরবন এলাকা থেকে প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবারই প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বর্তমানে স্থানীয় মানুষ আগের চেয়ে বেশি সচেতন হওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণী, জলজ ও উভচর প্রাণী সুরক্ষা পাচ্ছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।