চট্টগ্রাম-১০ (পাহাড়তলি-হালিশহর) আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা মার্কা) ও স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি মার্কা) মোহাম্মদ মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলি কলেজ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ।
স্থানীয়রা জানান, পাহাড়তলি কলেজ এলাকায় সকাল বেলায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। নৌকা ও ফুলকপি প্রতীকের সমর্থকদের মধ্যে এ গুলাগুলির ঘটনা ঘটে। তবে গুলিবিদ্ধ ওই ব্যক্তি কোনো দলের সমর্থক সেটা জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, নৌকা ও ফুলকপি প্রার্থীর সমর্থকরে মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।এতে একজন আহত হয়েছে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, সংঘর্ষের পর পাহাড়তলি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ভোটকেন্দ্রসহ অন্যান্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও র্যাবের টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










