আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের প্রার্থীরা বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এক্ষেত্রে আগামী ৬ থেকে ১০ মার্চের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে হবে। বুধবার (৪ মার্চ) ইসি নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরই মধ্যে বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এখানেও রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন।
এ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।









