বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাবস্থায় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী কাজলা পেট্রল পাম্পের পাশে গুলিতে দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র সাকিব হাসান নিহত হন। অন্যদিকে ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে নিহত হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি।